পাকিস্তান টেস্টের আগে সাকিব নিয়ে হেড কোচের আলোচিত মন্তব্য





সাকিব আল হাসান—একটি নাম যা সবসময়ই আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ক্রিকেট হোক কিংবা রাজনৈতিক মঞ্চ, সবখানেই তিনি সমানভাবে আলোচিত। চলতি বছর দ্বাদশ সংসদ নির্বাচনে সাকিব রাজনীতিতে যোগ দেন এবং নির্বাচিত হন সংসদ সদস্য হিসাবে। দেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে অনেক সংসদ সদস্যই আড়ালে রয়েছেন, সেখানে সাকিব নিজের ভিন্নতা ধরে রেখেছেন।


সাকিবের খেলা নিয়ে ছিলো ব্যাপক সংশয়। খেলবেন কি খেলবেন না, এ নিয়ে চলছিলো আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি পাকিস্তান সিরিজের জন্য ডাক পেয়েছেন এবং খেলবেন দুটি টেস্ট ম্যাচ। শুধু তাই নয়, এই বছর মোট ৮টি টেস্ট ম্যাচের সবকটিতে খেলার জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।


সম্প্রতি অফ-ফর্মে থাকলেও সাকিব আল হাসান দলে থাকলে, তার প্রতি টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা সবসময়ই উঁচুতে থাকে।


গতকাল একটি সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের বিষয়ে কথা বলেন। সাম্প্রতিক সময়ে সাকিবের খেলায় কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, "হ্যাঁ, সে ভালো ব্যাট করছে এবং তাকে এখন আরও ফিট মনে হচ্ছে।" তিনি আরও জানান, সাকিব তার চোখের কিছু টেস্ট করিয়েছেন, যা তার খেলায় মনোযোগ দিতে সহায়তা করছে এবং আগের সমস্যাগুলো কাটিয়ে উঠেছেন।


জাতীয় দলের স্পিন কোচ এবং সাবেক পাকিস্তানি কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদের সম্পর্কেও হাথুরুসিংহে মন্তব্য করেন। তিনি বলেন, "আমি মুশিকে (মুশতাক আহমেদ) অনেক দিন ধরে চিনি, ১৯৯৮ সাল থেকে। ইংল্যান্ড এবং পাকিস্তানের কোচিংয়ে তিনি দারুণভাবে দায়িত্ব সামলেছেন।" তিনি মুশতাকের উপমহাদেশের পিচ কন্ডিশন সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতারও প্রশংসা করেন এবং জানান, শুধু বোলিং নয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও মুশতাক দলের সাহায্য করছেন।


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। করাচিতে ৩০ তারিখে সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও, করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় ম্যাচটি একই ভেন্যুতে সরিয়ে আনা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post