শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসিমুখে লিটন দাস বললেন—
“এক সময় আমাকে অনেকে ডাক বাবাই বলত। খুব বেশি রান পেতাম না, সমালোচনা হতো। আজ তার সঠিক জবাব দিতে পেরেছি। আমাদের ওপেনিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আর ইমন প্রথম ওভারেই যেভাবে ব্যাট করেছে—ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।”
তিনি আরও বলেন,
“ডিউ (শিশির) বড় ফ্যাক্টর ছিল। আমাদের বোলাররা দারুণ করেছে—তাসকিন, ফিজ, সাইফ সবাই অসাধারণ বল করেছে। রিশাদের জন্য অবশ্য ডিউ একটু সমস্যা হচ্ছিল। কিন্তু এমন উইকেটে ১৩৭ খুব বড় টার্গেট নয়। ইমন প্রথম ওভারেই যেভাবে শট খেলল, সেখান থেকেই ম্যাচ আমাদের হাতে চলে আসে।”
এদিন ২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ। পুরষ্কার হাতে নিয়ে তিনি বলেন,
“চোটের পর ছন্দ ফিরে পাওয়া সহজ ছিল না। তবে দিন দিন ভালো লাগছে। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল, সাথে শিশিরের প্রভাবও ছিল। আমি শুধু বেসিকগুলো মেনে খেলেছি আর ভ্যারিয়েশনগুলো কাজে লাগিয়েছি।”

Post a Comment