মাথার ওপর ঝুলছে হত্যার মামলার তীব্র চাপ, এবং রাজনীতির সঙ্গে জড়িয়ে বিতর্কিত হয়েছেন তিনি। গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি এখন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই পরিস্থিতিতেও তিনি থেমে থাকেননি; বরং নিজের অসাধারণ ক্রীড়াশৈলীর মাধ্যমে আবারও নজির গড়েছেন।
রাওয়ালপিন্ডি টেস্টের ৫ম দিনে সাকিব নিজের নামটি রেকর্ডের পাতায় সোনার অক্ষরে লিখিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব। টেস্টের শেষ দিনে মাত্র দুটি উইকেট শিকার করেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে তার আন্তর্জাতিক ক্রিকেটে মোট উইকেট সংখ্যা ৭০৬।
এর ফলে সাকিব পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে, যার ছিল বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩০৫ ওয়ানডে, ৩৬২ টেস্ট এবং ৩৮ টি-টোয়েন্টি উইকেট। রাওয়ালপিন্ডিতে আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে কিউই স্পিনারকে ছাড়িয়ে যান সাকিব।
এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সাকিব মাঠে নামেন ৭০৩ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে স্ট্যাম্পিং করে ফেরানোর মাধ্যমে তিনি ভেট্টোরির সমান উইকেট পান। এরপর আব্দুল্লাহ শফিকের উইকেট শিকার করে তিনি বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট অর্জন করেন।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের তালিকায় সাকিব এখন নিজের স্থানটি পাকাপোক্ত করেছেন। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন, যার মোট উইকেট সংখ্যা ৯৯১। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন কিং অব সুইং ওয়াসিম আকরাম, যার মোট ৯১৬টি উইকেট রয়েছে।
ডানহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের, যার মোট উইকেট সংখ্যা ১,৩৪৭। আর এই মুহূর্তে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬টি।

Post a Comment