লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান। আসন্ন নেদারল্যান্ডস সিরিজের পর সব ঠিক থাকলে এশিয়া কাপেও বাংলাদেশের হয়ে খেলবেন সাইফ এবং সোহান। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের সুবাদেই দলে ফেরানো হয়েছে দুজনকে।
আগেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে সোহান এবং সাইফের। এবার নতুন করে টি-টোয়েন্টি দলে ফেরা দুজনের কাছে ভালো ক্রিকেটের প্রত্যাশা করছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ঘরোয়া ক্রিকেটের ভালো ফর্মটাই যেন দুজন নিয়ে আসেন আন্তর্জাতিক মঞ্চে, এমনটাই প্রত্যাশা লিটনের। সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন, ‘আমি তো খুশি দলে ২ জন নতুন প্লেয়ার এসেছে। এর মানে এই না যে যারা দলে নাই তারা খারাপ। তারাও বাংলাদেশ দলের হয়ে অনেক কিছু করেছে, সামনে সুযোগ পেলে আরও কিছু করবে। সোহান এবং সাইফ বিগত অনেকগুলা বছর ধরে ভালো খেলছে, বিশেষ করে সোহান অনেক দিন ধরেই ভালো খেলছে। সাইফ শেষ বিপিএল, গ্লোবাল টি-টোয়েন্টি, শেষ (টপ এন্ড টি-টোয়েন্টি) খেলে আসলো, যে প্যাটার্ন খেলার, আমাদের এমন একজন দরকার ছিল যে আগ্রাসী ভূমিকায় খেলতে পারবে সাথে ১-২ ওভার বল করতে পারবে। এজন্যই সাইফকে নেওয়া। আশা করি সাইফের যে ক্যালিবার আছে, যা জাতীয় দলের বাইরে খেলে এসেছে, তা যেন এখানেও খেলে।’
লিটন আরও বলেন, ‘যদি সুযোগ পায়, আমি চাইব তারা যেন বাংলাদেশের জন্য সেরাটা খেলে। ১-২ ম্যাচ পরেই বাদ পড়বে এমন না। টি-টোয়েন্টি ক্রিকেট, আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে আপনি আউট হয়ে যেতেই পারেন। যদি বুঝা যায় সে দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত, তাহলে ম্যানেজমেন্ট তাকে ব্যাক করবে।’
আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

Post a Comment